শেরপুরে ধর্ষণের অভিযোগে এক ছাত্র গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত শনিবার রাতে ওই ছাত্রকে আসামি করে থানায় একটি মামলা করেন।
ওই ছাত্রকে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর বাড়ির পাশে গত শুক্রবার রাতে ওই ছাত্র তাঁর (ছাত্র) এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। পরে ওই ছাত্র রাতে কৌশলে তাঁর মেয়ের ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে ঘরে এসে তাঁরা ওই ছেলেকে আটক করেন।
তবে ওই ছাত্র বলেন, ওই মেয়ের বাড়ির পাশে তাঁর এক আত্মীয়ের বাড়ি রয়েছে। ওই মেয়ে শুক্রবার রাত নয়টার দিকে কৌশলে তাঁকে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে তাদের বাড়ি ডেকে নেয়। এ সময় ওই মেয়ের পরিবার তাঁকে একটি ঘরে আটকে রেখে তার
(ওই মেয়ে) সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে ও কিছু কাগজে স্বাক্ষর নেয়।
এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ওই মামলার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে।