শেরপুরে ধানবীজ কিনে কৃষকেরা প্রতারিত
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা চলতি আমন মৌসুমে ধানবীজ কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা স্থানীয় বাজারের একটি দোকান থেকে স্বর্ণা-৫ নামের উন্নত জাতের ওই বীজ কেনেন। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক জানান, কোয়ালিটি সিডস কোম্পানি নামের একটি কোম্পানির উচ্চ ফলনশীল জাতের ওই ধানবীজ তাঁরা ভবানীপুর বাজারের মিম ট্রেডার্স থেকে কেনেন। প্রতি কেজি ধানবীজ তাঁরা ১২০ টাকা করে কেনেন। এই দোকান থেকে ধানবীজ কিনে ইউনিয়নের কমপক্ষে ৫০ জন কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভবানীপুর গ্রামের কৃষক আলম আকন্দ জানান, ধান চাষের ওপর তাঁর সংসার নির্ভরশীল। তিনি ওই দোকান থেকে বীজ কিনে চারা তৈরি করে সাড়ে চার বিঘা জমিতে রোপণ করেছিলেন। রোপণের ১৫ দিন পর ধানের গাছ থেকে থোড় বের হতে শুরু করে। পরে তিনি বীজ বিক্রেতার শরণাপন্ন হলেও কোনো কাজ হয়নি। ওই বীজ বিক্রেতা ভেজাল বীজ বিক্রি করে এলাকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন।
এ ব্যাপারে মিম ট্রেডার্সের মালিক মোকছেদুল রহমান জানান, তিনি চান্দাইকোনার পাবনা বাজারের আরেকটি দোকান থেকে বীজগুলো কেনেন। তাঁকে এই বীজ উচ্চ ফলনশীল বলে জানানো হয়েছিল।