শেরপুরে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জামালপুরের সদর উপজেলার শরীফপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাঁদের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দীঘলদি মোল্লাপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ফরিদ হোসেন (২৬) ও বাহাদুর মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একদল শ্রমিক বিভিন্ন এলাকায় কাজ শেষে নৌকাযোগে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বাড়িতে ফিরছিলেন। এ সময় ব্রহ্মপুত্র নদের পুরাতন বালুঘাট এলাকায় পৌঁছামাত্র শ্রমিকবোঝাই নৌকাটি আকস্মিকভাবে ডুবে যায়। পরে নৌকার যাত্রী অন্যান্য শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে পারলেও দীঘলদি মোল্লাপাড়া গ্রামের ফরিদ হোসেন ও শহিদুল ইসলাম নদের পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর গত শুক্রবার একদল ডুবুরি নৌকাডুবির স্থানসহ নদের বিভিন্ন স্থানে অনেক তল্লাশি করেও ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করতে পারেননি। আজ শনিবার বেলা ১১টার দিকে এলাকাবাসী ব্রহ্মপুত্র নদের শরিফপুর এলাকা থেকে ফরিদ ও শহিদুলের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।