শেরপুরে পরিবার পরিকল্পনার পরিদর্শককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় পরিবার পরিকল্পনার এক পরিদর্শককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার দামুয়া গ্রামের একটি সবজি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের লোকজন জানান, সাইদুর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাস রাজবাড়ী ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক (এফপিআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মা, বাবা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বগুড়ার শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় নিজ বাড়িতে থাকতেন। বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাতায়াত করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মুঠোফোনও ছিল বন্ধ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তাঁর সন্ধান পায়নি পরিবার। আজ সকালে পরিবারের লোকজন সবজি খেতে লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে যান। সেখানে তাঁরা সাইদুরের লাশ শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) এবাদ আলী সাংবাদিকদের বলেন, লাশের মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল। শ্বাসনালির কিছু অংশ কাটাসহ গলায় ধারালো ছোড়ার আঘাত রয়েছে। সাইদুরের লাশ যেখানে পড়েছিল তার সাত আট গজ দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধারের স্থান থেকে মাদক সেবনের কিছু আলামতও পাওয়া গেছে।
নিহতের বাবা আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা কী কারণে তাঁকে হত্যা করেছে তা বুঝতে পারছেন না।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এটি হত্যাকাণ্ড। তবে মাদকসংক্রান্ত বিষয় নাকি পারিবারিক কোনো ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে-তা বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ারুল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।