শেরপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, গতকাল সকালে শিশুটি বাড়ির বাইরে খেলতে যায়। এক যুবক (২০) কৌশলে তাকে বাড়ির পাশে ভুট্টাখেতে নিয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়ির একজন নারী বলেন, ঘটনা জানাজানির পর থেকে মামুন বাড়িতে ফেরেনি।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গতকাল বিকেল পাঁচটায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।