শেরপুরে পুলিশ কনস্টেবলের লাশ
শেরপুর জেলা শহরের ভাটারাঘাট এলাকা থেকে মো. রাকিবুল হাসান (২০) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
আজ সোমবার সকাল নয়টার দিকে ভাটারাঘাট এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত থেকে রাকিবুল নিখোঁজ ছিলেন। অনেক খুঁজেও রাতে তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় লোকজন ভাটারাঘাট এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচে রাকিবুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রাকিবুলের শরীর কিছুটা ঝলসানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।