শেরপুরে পুলিশকে বোকা বানিয়ে আসামির পলায়ন
বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশকে বোকা বানিয়ে একটি ঘরে আটকে রেখে এক আসামি বাড়ি থেকে তাঁর পরিবার নিয়ে পালিয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরে আটকে থাকা দুজন পুলিশকে উদ্ধার করে। উপজেলার বাগড়া বণিকপাড়ায় গোলাম সারোয়ারের (৪৫) বাড়িতে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোলাম সারোয়ার একটি প্রতারণা মামলার আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, থানা থেকে অতিরিক্ত পুলিশ ওই বাড়িতে যাওয়ার পর তাঁরা জানতে পারেন গোলাম সারোয়ারের নামে থানায় একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি পুলিশকে কৌশলে একটি ঘরে আটকে রেখে পরিবারসহ পালিয়েছেন।
শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। এ সময় গোলাম সারোয়ার তাঁর পরিবারসহ বাড়িতেই ছিলেন। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে তাঁকে জানানো হলে গোলাম সারোয়ার তাঁদের একটি ঘরে বসতে দিয়ে অন্য ঘরে জামা পরতে যান। পরে গোলাম সারোয়ার কৌশলে তাঁদের বসে থাকা ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে তাঁদের আবদ্ধ করে রাখেন। ঘর থেকে বের হতে না পেরে এ ঘটনা থানা-পুলিশকে তিনি মুঠোফোনে জানান।
থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ওই বাড়িতে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পুলিশ ওই বাড়িতে পৌঁছার আগেই গোলাম সারোয়ারসহ তাঁর পরিবার বাড়ি থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।