শেরপুরে পুষ্পস্তবক অর্পণ নিয়ে জাসদের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে জাসদের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দলের উভয পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসে সকাল সাতটার দিকে শহরের নিউমার্কেট মোড় এলাকা থেকে জাসদ (ইনু)
সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের দিকে রওনা দেন। পথে রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় দলের শরীফ নুরুল আম্বিয়া-সমর্থিত নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ইনু-সমর্থিত জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিশান অভিযোগ করেন, শরীফ নুরুল আম্বিয়া পক্ষের নেতা-কর্মীদের হামলায় তাঁদের পুষ্পস্তবকটি ভেঙে যায় এবং তাঁদের সংগঠনের তিনজন আহত হন। ফলে তাঁরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি।
অভিযোগ অস্বীকার করে দলের শরীফ নুরুল আম্বিয়া পক্ষের সাধারণ সম্পাদক বিপ্লব দে বলেন, তাঁদের দলের কেউ হামলা বা পুষ্পস্তবক নষ্ট করেনি। বরং প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁদের পুষ্পস্তবক অর্পণে বাধা দিয়েছেন।