শেরপুরে পূজা মণ্ডপে চুরি, আটক ৬
বগুড়ার শেরপুরে একটি পূজামণ্ডপে চুরির ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বুইল গ্রামে গতকাল বুধবার রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুর্গাপূজার মণ্ডপে এই চুরির ঘটনা ঘটে।
বুধবার রাতে পুলিশ তাঁদের নিজ বাড়ি থেকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভাদড়া গ্রামের মজিবর রহমান, বকুল হোসেন, পায়েল হোসেন, সেলিম হোসেন, ফারুক হোসেন ও শ্রী স্বদেশ সিং।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শ্রী স্বদেশ সিংকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচজনকে তাঁদের বাড়ি থেকে ওই রাতেই আটক করা হয়েছে। আটক সবাই এই চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি সন্তোষ চন্দ্র সিং বলেন, তাঁদের দুর্গাপূজার মণ্ডপটি ছিল গ্রামের মধ্যেই। গত মঙ্গলবার বিকেলে বুধবারের অষ্টমী পূজার জন্য তাঁরা প্রায় আট হাজার টাকা খরচ করে পূজার সামগ্রী কেনাকাটা করে পূজামণ্ডপে রেখেছিলেন। আটক ব্যক্তিরা মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ওই সব সামগ্রী নিয়ে যায়। রাত দেড়টায় ভাদড়া গ্রামের শ্মশানে তাঁদের কেনা পূজার কিছু ফল পড়ে থাকতে দেখা যায়। এ সময় শ্রী স্বদেশ সিং তাঁদের দেখে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।