শেরপুরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গত শনিবার প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৭০) নামের এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁর ছেলে জাহাঙ্গীর ইসলামও (৩০) আহত হন।
রফিকুল ইসলামের বাড়ি উপজেলার সুঘাট ইউনিয়নের চকধূলি দক্ষিণপাড়া গ্রামে।
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষের সঙ্গে তাঁর বসতভিটা নিয়ে বিরোধের কারণে তিনি প্রায় এক মাস আগে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগটি পুলিশ তদন্তও করেনি। গত শনিবার সকালে বৃষ্টির কারণে তাঁর বাড়ি জলাবদ্ধ হয়ে পড়ে। এ সময় তিনি বাড়ির এক কোণে গর্ত খোঁড়েন। এতে বাধা দেন প্রতিপক্ষ মো. জুয়েল, খোকন, আবদুল করিম ও মো. মিন্টু। একপর্যায়ে তাঁকে তাঁরা লাঠিসোঁটা দিয়ে প্রহার করেন।
আহত জাহাঙ্গীর ইসলাম বলেন, প্রতিপক্ষের প্রহারের খবরে তিনি তাঁর বাবাকে উদ্ধার করতে গেলে তাঁকেও প্রহার করা হয়। তবে প্রতিপক্ষ জুয়েল বলেন, রফিকুলের সঙ্গে বসতভিটা নিয়ে তাঁদের বিরোধ রয়েছে। কিন্তু তাঁকে প্রহার করার সঙ্গে তাঁরা দুই ভাই (জুয়েল, খোকন) জড়িত নন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের মাথা ফেটে যাওয়ায় সেলাই দিতে হয়েছে।
রফিকুল ইসলামের বড় মেয়ে সেলিনা বেগম বলেন, তাঁর বাবা লিখিত অভিযোগ দেওয়ার তিন দিন পর সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জাব্বার তাঁর সঙ্গে শুধু মুঠোফোনে কথা বলেছেন। তিনি এএসআইকে তদন্তের অনুরোধ করেছিলেন। তবু পুলিশের কেউ তদন্তে আসেনি।
আবদুল জাব্বার বলেন, অভিযোগটি ডিউটি অফিসারের টেবিলের ড্রয়ারে ছিল। সেটি দেখে তিনি রফিকুলের মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন। তাঁকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি। তাই তদন্তেও যাননি।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, মুক্তিযোদ্ধা রফিকুলের অভিযোগটি তাঁর কাছে আনা হয়নি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকের সঙ্গে কথাও বলেছেন।