শেরপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নে প্রতিবন্ধী এক মেয়ে (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মেয়ের মা বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী বলেন, জন্মগতভাবেই তাঁর মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়, আর কথাও স্পষ্ট নয়। মেয়েটির বাবা ঢাকায় চাকরি করেন। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) মেয়েটির মা ঢাকায় স্বামীর কাছে যান। এই সুযোগে প্রতিবেশী এন্তাজ আলী (৩৫) সন্ধ্যায় তাঁর বাড়িতে ডেকে নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) বাড়িতে ফিরে এলে মেয়ে তাঁকে এ ঘটনা জানায়। ওই রাতে এন্তাজ আলীর স্ত্রী বাড়িতে ছিলেন না।

এ প্রসঙ্গে গতকাল বিকেলে এন্তাজ আলীর খোঁজ নিলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মরিয়ম খাতুন ঘটনা মিথ্যা বলে দাবি করেন। তবে তাঁর স্বামী কোথায় গেছেন, তা তিনি জানেন না বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই ব্যক্তি বলেন, প্রতিবন্ধী ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে তাঁরা শুনেছেন। ঘটনা জানাজানি হলে এন্তাজ আলীকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আর গ্রামে দেখা যায়নি।

এসআই মো. শামসুজ্জোহা বলেন, গতকাল বিকেলে এন্তাজ আলীর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে।