শেরপুরে বোমা বানাতে গিয়ে একজন নিহত
বগুড়ার শেরপুরে বোমা বানানোর সময় বিস্ফোরণে অজ্ঞাতনামা (৪২) একজন নিহত ও অপর একজন (৪০) আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা এলাকার মাহবুবুর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে নয়টার দিকে একজন মারা যান।
জোয়ানপুর কুঠিরভিটা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গৃহকর্তা মাহবুবুর রহমান ঢাকার সাভারে ব্যবসা করেন। তাঁর বাড়িতে মিজানুর রহমান (৩০) নামের একজন অটোরিকশাচালক ভাড়া থাকতেন।
প্রতিবেশী পলি খাতুন বলেন, ওই বাড়িতে মিজানুর রহমানের সঙ্গে তাঁর বোন ও ভগ্নিপতিও থাকতেন। গত শুক্রবার মিজানুর স্ত্রীকে নিয়ে নওগাঁর গ্রামের বাড়িতে যান। বাসায় ছিলেন তাঁর বোন, ভগ্নিপতি ও অপরিচিত এক ব্যক্তি। গতকাল রাত সাড়ে আটটার দিকে বিকট শব্দে কয়েক দফা বিস্ফোরণের পর সেখানে গিয়ে মিজানুরের ভগ্নিপতি ও আরেকজনকে গোঙাতে দেখা যায়। এদিকে রাত সাড়ে নয়টার দিকে শেরপুর থানা-পুলিশ গিয়ে বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে।
বিস্ফোরণের খবর পেয়ে রাত ১০টার দিকে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা ও বগুড়া থেকে আসা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাড়িটিকে ঘেরাও করে রেখেছিল।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, বাড়িটিতে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তবে কারা কী উদ্দেশ্যে বোমা তৈরি করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।