শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম খোকন গাজী (৫০)। তিনি শ্রীবরদী পৌর শহরের সাতানী এলাকার বাসিন্দা।
গত রোববার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকন গাজী মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সোহাগ গাজী শ্রীবরদী থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই মানিক গাজীর সঙ্গে খোকন গাজীর জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে শ্রীবরদী উপজেলার সাতানী এলাকায় মানিক গাজী ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন গাজী ও তাঁর পরিবারের ওপর হামলা করেন। এতে খোকন গাজী, তাঁর ছেলে সাগর গাজী ও মেয়ে কাঞ্চন গুরুতর আহত হন। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় খোকন গাজীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার রাত ১২টার দিকে খোকন গাজীর মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সোহাগ গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ প্রধান আসামি মানিক গাজীসহ এজাহারনামীয় চারজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।