শেরপুরে ভিজিডির ১০ বস্তা চাল জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় ভিজিডির (দু:স্থদের জন্য খাদ্য কর্মসূচি) ১০ বস্তা চাল এলাকাবাসীর সহায়তায় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবু বক্কর (৫৫) নামে এক চাল ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। তাঁর কাছ থেকে ১০টি ভিজিডির কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

আবু বক্কর উপজেলার টালকি ইউনিয়নের মজিদবাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে। শুক্রবার রাতে নকলা থানার একদল পুলিশ দক্ষিণ রামেরকান্দি এলাকা থেকে চালসহ আবু বক্করকে গ্রেপ্তার করে।

উপজেলা প্রশাসন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আবু বক্কর দুটি রিকশাভ্যানে করে ভিজিডির ১০ বস্তা (৩০০ কেজি) চাল তাঁর দোকানে নিয়ে যাচ্ছিলেন। পথে উপজেলার দক্ষিণ রামেরকান্দি এলাকায় জনতা চালসহ তাঁকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। পরে ইউএনওর নির্দেশে পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার ও ১০ বস্তা চাল জব্দ করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক বলেন, গত ১৯ এপ্রিল এসব চাল উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এরপর সেই চাল ওই ব্যক্তি কীভবে পেলেন, তাঁ তিনি বুঝতে পারছেন না।

পুলিশ বলছে, আবু বক্করকে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় তিনি পুলিশকে বলেছেন, এসব চাল তিনি ভিজিডির উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।
ওসি আলমগীর হোসেন শাহ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, চাল উদ্ধারের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক। এতে গ্রেপ্তার হওয়া আবু বক্কর ও টালকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুলতান আলীকে অভিযুক্ত করা হয়েছে। আইনানুযায়ী তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক), সমন্বিত আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার হওয়া আবু বক্করকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।