শেরপুরে ভুল চিকিৎসার মামলায় চিকিৎসক গ্রেপ্তার
ভুল চিকিৎসার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শক সার্জন মো. শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল শুক্রবার শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
শরীফুল ইসলামের বাড়ি শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামে। প্রতি শুক্রবার তিনি শ্রীবরদী উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় শা’ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর ঢামেকের পরামর্শক সার্জন শরীফুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা বলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের এক নারীর (৩০) বাঁ স্তন কেটে ফেলেন। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ওই নারী আদৌ ক্যানসারে আক্রান্ত হননি।
এ ঘটনায় গ্রেপ্তার শরীফুলসহ দুই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীর স্বামী মো. সোলায়মান গত বছরের ২৮ ডিসেম্বর শেরপুরের আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু।
ভুল চিকিৎসার শিকার ওই নারী ব্র্যাকের শ্রীবরদী কার্যালয়ের একজন স্বাস্থ্যসেবিকা ছিলেন। এ ঘটনায় গত ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘ভুল অস্ত্রোপচারের অভিযোগে আদালতে মামলা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক শরীফুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী তিনি সঠিক পদ্ধতিতেই অস্ত্রোপচার করেছেন এবং এ জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্রও তাঁর কাছে আছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন গতকাল বলেন, পুলিশ মামলাটি গুরুত্বসহ তদন্ত করছে। আদালতের নির্দেশনানুযায়ী মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে ওই নারীর আরেকবার একটি প্যাথলজিক্যাল পরীক্ষা করা হবে। তারপর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।