শেরপুরে মহাসড়ক থেকে গরুবোঝাই ট্রাক লুট
বগুড়ার শেরপুরে মহাসড়ক থেকে গত সোমবার রাতে ১৪টি গরুবোঝাই একটি ট্রাক লুট করেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন লাল মিয়া (৩৫) নামের ছিনতাইকারী দলের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ররোয়া এলাকায় গত সোমবার রাত সাড়ে ১০টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গরু নিয়ে ট্রাকটি নওগাঁর মান্দা থানার সুতিরহাট থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কোরবানির পশুর হাটে যাচ্ছিল। এ ঘটনার সময় ছিনতাইকারীদের হামলায় আহত হন মৌসুমি গরু ব্যবসায়ী লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. শাহ আলম (৫০), রাখাল বিদ্যুৎ হোসেন ও জুয়েল হোসেন। আহত তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার মান্দা থানার ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সদস্য জহুরুল ইসলামকে (৪০) থানায় নিয়েছেন।
মো. শাহ আলম বলেন, তিনি সোমবার বিকেলে সুতিরহাট থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১৪টি গরু একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রাখাল জুয়েল হোসেন বলেন, শেরপুরের ররোয়া এলাকায় ওই রাতে গরুবোঝাই ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চালক তাঁদের ট্রাকের পেছনে ধাক্কা দিতে বলেন। চালকের কথামতো গরু ব্যবসায়ী ও তাঁরা দুজন রাখাল ট্রাক থেকে নেমে ট্রাকের পেছনে এসে ধাক্কা দিতে থাকেন। এ সময় পেছন থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে পাঁচ ব্যক্তি নেমে ট্রাকটি ধাক্কা দিতে থাকে। একপর্যায়ে ট্রাকটি চালু হলে চালক ও তাঁর সহকারী (হেলপার) তাঁদের ফেলে দ্রুত চলে যান। আর মাইক্রোবাস থেকে নামা লোকেরা তাঁদের মারপিট করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা একজনকে ফেলে গাড়ি নিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ছিনতাই হওয়া গরু ও ট্রাক উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ছিনতাইকারীর তথ্যমতে, তাঁরা নিশ্চিত হয়েছেন এই ঘটনার সঙ্গে ট্রাকের চালক ও তাঁর সহকারীসহ মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা জড়িত।