বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলামের (৫০) বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সরকারিভাবে বিতরণের জন্য কেনা আটটি সেলাই মেশিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।
নারীর ক্ষমতায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত শেরপুরের নারী উন্নয়ন ফোরামের সভাপতি ছিলেন সালমা ইসলাম। তিনি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলেরও সভাপতি। গতকাল বেলা তিনটায় পৌরসভার টাউন কলোনি মহল্লায় তাঁর বাড়ির স্টোররুম থেকে পুলিশ আটটি সেলাই মেশিন ও এর স্ট্যান্ড জব্দ করে। বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বর থেকে সালমাকে আটক করা হয়। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, মেশিনগুলো প্রকৃত তালিকাভুক্ত নারীরা উপজেলা পরিষদ থেকে উত্তোলন করেছেন। ওই আটজন নারী মেশিনগুলো তাঁর বাড়িতে রেখে মার্কেটে গিয়েছিলেন। এসব মেশিন আত্মসাৎ করার সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ এনে তাঁকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, দুস্থ নারীদের মাঝে বিতরণের জন্য ৪৩টি সেলাই মেশিন কেনা হয়েছিল। গতকাল এগুলো বিতরণের দিন ধার্য ছিল। উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে ভাইস চেয়ারম্যান মেশিনগুলো বুঝে নেন। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন সাংসদ হাবিবর রহমান।
সেলাই মেশিন ক্রয় কমিটির সদস্যসচিব উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ গতকাল বিকেলে বলেন, আটটি মেশিন মহিলা ভাইস চেয়ারম্যান তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তা তাঁরা জানতেন না।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, আটটি সেলাই মেশিন কীভাবে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে নেওয়া হয়েছে, তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে।