শেরপুরে মাদ্রাসা কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসা কমিটিতে আধিপত্য বিস্তার করতে দুপক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। শেরপুর, ৭ জুলাই। ছবি: দেবাশীষ সাহা রায়
মাদ্রাসা কমিটিতে আধিপত্য বিস্তার করতে দুপক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। শেরপুর, ৭ জুলাই। ছবি: দেবাশীষ সাহা রায়

শেরপুরে একটি মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার দুটি পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুটি পক্ষের নেতৃত্বেই ছিলেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

আজ শনিবার দুপুরে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুর শহরে বিবদমান দুটি এলাকা রয়েছে। এর একটি পূর্বাঞ্চল, অন্যটি পশ্চিমাঞ্চল হিসেবে পরিচিত। শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুটি এলাকাই পরস্পরবিরোধী অবস্থানে থাকে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের জন্য সাধারণ সভা আহ্বান করা হয়। কমিটির বর্তমান সভাপতি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আবদুল ওয়াদুদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। তাঁরা দুজনই পশ্চিমাঞ্চলের বাসিন্দা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বাঞ্চলের পক্ষ মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে রাখার ব্যাপারে বিরোধিতা করে নিজেরা এ পদটি নিতে চাচ্ছিল। এ নিয়ে এই দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন, ফখরুল মজিদ, খন্দকার নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান এবং জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহম্মেদসহ শহরের পূর্বাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েযিদ হাসানসহ শহরের পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে এসে হাজির হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, এ সময় মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৬২ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। এ সময় আতঙ্কে শহরের মুন্সিবাজার ও নয়আনী বাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে আহত মীরগঞ্জ এলাকার হাসান (২৫) ও গাজীরখামার এলাকার মনিরকে (২৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে মাদ্রাসার বর্তমান কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করে সেখানে বিএনপি-জামায়াত-শিবিরের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। জামায়াত-শিবিরের ওই সব লোক এই মাদ্রাসা থেকে সরকারবিরোধী কর্মকাণ্ড করছেন। এর প্রতিবাদ করায় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের ছোট ভাই ইয়াকুব আলী (শেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সদস্য) আজ আমাকে মাদ্রাসা প্রাঙ্গণে লাঞ্ছিত করেন।’

তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে বিবদমান দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুর, ৭ জুলাই। ছবি: দেবাশীষ সাহা রায়
তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে বিবদমান দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুর, ৭ জুলাই। ছবি: দেবাশীষ সাহা রায়

এ ব্যাপারে অভিযুক্ত ইয়াকুব আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর ভাই জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বলেন, তাঁর ছোট ভাই মিনহাজ উদ্দিন বা অন্য কাউকে লাঞ্ছিত করেনি।

অন্যদিকে মাদ্রাসা কমিটির বর্তমান সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, এই মাদ্রাসা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। দলমত-নির্বিশেষে সবার সাহায্য-সহযোগিতায় এটি পরিচালনা করা হয়। এখানে ব্যক্তিবিশেষ বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই। এ ছাড়া কমিটি গঠনের আজকের সভা মুলতবি করা হয়েছে বলে তিনি জানান।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য মাদ্রাসা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত কনস্টেবল সমাপ্ত নকরেককে (২৭) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।