শেরপুরে মেলা শেষেও চলছে টোল আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলা শেষ হলেও এখনো চলছে জোর করে টোল (খাজনা) আদায়। স্থানীয় ১০-১২ জন এই টোল আদায়ের সঙ্গে জড়িত। ফার্নিচারপট্টির ক্রেতা ও বিক্রেতারা গতকাল শনিবার বিকেলে এই অভিযোগ করেন।

স্থানীয় পাঁচজন বাসিন্দা বলেন, এই মেলা পরিচালনার সরকারি অনুমোদন ছিল গত মঙ্গলবার পর্যন্ত। মেলার দিনগুলোতে বেচাবিক্রি ভালো না হওয়ায় মেলা চত্বরে আসা কাঠের আসবাবের দোকানগুলোতে এখনো বেচাকেনা চলছে। ফলে আসবাব ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে জোর করে টোল আদায় করা হচ্ছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলা চলে মঙ্গলবার পর্যন্ত। কালুগাজী পীরের নামে এই মেলা হয়। ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে এই মেলার প্রচলন শুরু হয়। স্থানীয় ব্যক্তিদের কাছে এই মেলাটি জামাইবরণ মেলা হিসেবে পরিচিত।

গতকাল শনিবার ওই মেলা এলাকায় গিয়ে দেখা যায়, মেলায় একটি পুকুরপাড়ের ওপর রয়েছে প্রায় এক শ কাঠের আসবাবের দোকান। কাঠের এসব আসবাব কেনার জন্য দোকানগুলোতে এখনো রয়েছে ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এসব দোকানে কেনাকাটা।

উপজেলার ঘোলাগাড়ী গ্রামের মো. বাদশা মিয়া বলেন, এই মেলায় টোল আদায়ের কোনো নিয়ম নেই। তবুও স্থানীয় ১০-১২ জন ব্যক্তি জোর করে মেলার নামে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে শতকরা ১০ টাকা হারে টোল আদায় করছেন। তিনি ৫ হাজার টাকার দুটি ফার্নিচার কেনায় তাঁকেও ৫০০ টাকা খাজনা দিতে হয়েছে।

জেলার নন্দীগ্রাম উপজেলার দামরুল ইসলাম বলেন, তিনি ৩ হাজার টাকায় একটি খাট কেনায় তাঁর কাছে থেকে এই খাজনা আদায়কারীরা জোর করে ৩০০ টাকা টোল আদায় করেছেন। প্রথমে তিনি এই টাকা দিতে না চাইলে তাঁর খাটটি টোল তাঁরা গাড়ি থেকে নামিয়ে নেন। পরে টাকা দেওয়ার পর খাটটি ফিরে দেন।

মেলায় কাঠের আসবাব বিক্রেতা তিনজন বলেন, টোল আদায়কারীরা ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে জোর করে টোল আদায় করছেন। এ ঘটনার প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না। তাঁরা বলেন, মেলা অনুমোদনের দিনগুলোতে ভালো বিক্রি না হওয়ায় মেলা চত্বরে এখনো দোকান নিয়ে বসে আছেন।

উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, মেলাটি এখন নিয়মবহির্ভূতভাবে চলছে। জোর করে টোল আদায় করার ঘটনা তিনিও জেনেছেন। এ ব্যাপারে থানা-পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।

এই মেলার আয়োজক মজনুর রহমান বলেন, তাঁরা তিথিমতে এই মেলা শুরু করেন। মেলাটি গত মঙ্গলবার শেষ হয়েছে। মেলার দিনগুলোয় কালুগাজী পীরের মাজার জিয়ারতের জন্য কাঠপট্টি থেকে দোকানমালিকদের কাছ থেকে সাহায্য তোলার জন্য তোজাম সরকার ও আবদুল মান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন মেলা শেষ হয়েছে। কাজেই কারও কাছ থেকে টাকা নেওয়ার কথা নয়। তবে কেউ যদি টাকা নিয়ে থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব পুলিশের।

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।