শেরপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়
ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর শেরপুর থেকে ঢাকা যেতে কর্মস্থলমুখী বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বাসমালিক ও চালকেরা দুই শ থেকে তিন শ টাকা বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন।
জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকা পথে চলাচলকারী বিশেষ সার্ভিস সোনার বাংলা পরিবহনের বাসে স্বাভাবিক সময়ের নির্ধারিত ভাড়া সাড়ে তিন শ টাকা। এ ছাড়া বিভিন্ন পরিবহন কোম্পানির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও এসি ছাড়া নৈশকোচগুলোর ভাড়া ছিল যথাক্রমে চার শ ও তিন শ টাকা। ঈদুল আজহার পর মালিক সমিতির পক্ষ থেকে এসব পরিবহনের ভাড়া যাত্রীপিছু এক শ টাকা বাড়ানো হয়। কিন্তু যাত্রীরা অভিযোগ করেন, বর্তমানে যাত্রীদের কাছ থেকে তিন শ বা চার শ টাকা ভাড়ার পরিবর্তে পাঁচ শ থেকে ছয় শ টাকা আদায় করা হচ্ছে। প্রতিদিন শেরপুর থেকে শতাধিক বাস চার হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গতকাল বুধবার বেলা আড়াইটায় শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের যাত্রী শ্রীবরদী উপজেলার কাজীরচর গ্রামের ফরিদ উদ্দিন ও সদর উপজেলার যোগিনীবাগের আল-আমীনের সঙ্গে কথা হয়। তাঁরা অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে নির্ধারিত ভাড়া সাড়ে তিন শ টাকার পরিবর্তে ছয় শ টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ নির্ধারিত ভাড়ার চেয়ে আড়াই শ টাকা বেশি নেওয়া হয়েছে।
সোনার বাংলা পরিবহনের কর্মকর্তা (টিকিট বুকিং মাস্টার) খোকন চন্দ্র সাহা ছয় শ টাকা ভাড়া নেওয়ার কথা স্বীকার করেছেন।
শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনকে মৌখিকভাবে জানিয়ে যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। কারণ, শেরপুর থেকে বর্তমানে বাসগুলো সব আসন পূর্ণ করে যাত্রী নিয়ে ঢাকায় গেলেও ঢাকা থেকে ১০-১২ জন যাত্রী অথবা প্রায় খালি অবস্থায় শেরপুরে ফেরে। তাই বাসমালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কারও বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই।