শেরপুরে শিবিরের ঝটিকা মিছিল, নেতা গ্রেপ্তার
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মুক্তির দাবিতে গত রোববার রাতে শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় শিবির কর্মীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানার পুলিশ ছাত্রশিবিরের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি নাহিদ হাসানকে (১৮) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে শিবিরের সাংগঠনিক ও জিহাদি শতাধিক বই জব্দ করেছে পুলিশ। নাহিদ নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। গতকাল সোমবার দুপুরে তাঁকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, রাত সাড়ে ১০টার দিকে সজবরখিলা এলাকা থেকে পুলিশ নাহিদকে আটক করে। পরে তাঁকে নিয়ে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে নাহিদের শোয়ার ঘর থেকে সাংগঠনিক ও জিহাদি বইগুলো জব্দ করা হয়।