শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগ, আসামি কারাগারে
শেরপুরের সদর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার রাতে সদর থানা পুলিশ নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত শনিবার দুপুরে সদর উপজেলার রৌহা পূর্বপাড়া গ্রামে ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা গত রোববার বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে শিশুটি ওই ব্যক্তির বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়ির আঙিনায় থাকা ওই ব্যক্তির স্ত্রী শিশুটির হাতে একটি পান দিয়ে ওই ব্যক্তির কাছে পাঠায়। শিশুটি পান নিয়ে সেখানে গেলে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী পালিয়ে যান।