শেরপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে নয় বছরের এক মেয়েশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শাহানগর গ্রামে নিজ বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।

নিহত শিশুটির নাম সুমনা আক্তার। স্থানীয় শাহানগর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে। বাবা জাহিদুল ইসলাম পেশায় একজন দিনমজুর। মা আকলিমা বেগম গৃহিণী।

ওই ঘটনায় সুমনার মা ঘটনার রাতেই শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করেছে। গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মা বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে বাবার বাড়িতে যান। এ সময় তাঁর মেয়ে বাড়িতে একাই ছিল। তিনি বেলা তিনটায় ফিরে দেখেন শোবার ঘরে মেয়ে সুমনা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে সুমনাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

সুমনার বাবা জাহিদুল ইসলাম বলেন, তিনি ওই সময় শেরপুর শহরে গিয়েছিলেন। সুমনা তাঁর একমাত্র মেয়ে। তাঁর এই ছোট্ট মেয়ে কেন আত্মহত্যা করবে তা তিনি বুঝে উঠতে পারছেন না। শেরপুর থানা-পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন, সুমনার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলায় দাগ ছিল।