শেরপুরে সংঘর্ষ আহত ৫, ১৫টি ঘর ভাঙচুর
তুচ্ছ ঘটনার জের ধরে শেরপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার দীঘারপাড় গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বসতঘর ভাঙচুর ও তছনছ করা হয়।
আহত ব্যক্তিরা হলেন শেরপুর সদরের দীঘারপাড় গ্রামের জালু মিয়ার স্ত্রী রাহেলা খাতুন (৪৫) ও তাঁর ছেলে শেখ ফরিদ (২০), প্রতিবেশী আরফু (২৫), মনি (২৫) এবং ঢাকলহাটি গ্রামের লিপি বেগম (৩২)। তাঁদের মধ্যে রাহেলা, ফরিদ ও লিপিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেলে দীঘারপাড় গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে ঢাকলহাটি গ্রামের কুঁড়া ব্যবসায়ী বাহার উদ্দিনের ছেলে শামীম আহম্মদের সঙ্গে দীঘারপাড় গ্রামের জালু মিয়ার ছেলে শেখ ফরিদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার দিবাগত রাত একটার দিকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের ১৫টি বসতঘর ভাঙচুর ও তছনছ করা হয়। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দীঘারপাড় গ্রামের ক্ষতিগ্রস্ত আনসু মিয়া অভিযোগ করে বলেন, বাহার উদ্দিন দাঁড়িয়ে থেকে তাঁর লোকজন দিয়ে দীঘারপাড় গ্রামের ১২টি বাড়িঘর ভাঙচুর ও তছনছ করিয়েছেন। এ সময় তাঁর (আনসু) স্ত্রীও আহত হয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য ঘটনাস্থলে ঢাকলহাটি গ্রামের বাহার উদ্দিনকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী ছাহেরা খাতুন বলেন, দীঘারপাড় গ্রামের লোকজন একজোট হয়ে তাঁদের তিনটি বাড়িঘর ভাঙচুর করেছেন। অবস্থা বেগতিক বুঝে দীঘারপাড় গ্রামের লোকজন নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন।
এ বিষয়ে সদর থানার এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয়নি।