শেরপুরে সালিস বৈঠকে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদরে সালিস বৈঠকে এক গৃহবধূর কাপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে নির্যাতন করার অভিযোগে গতকাল সোমবার মামলা
হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় ওই মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে এক সালিস বৈঠকে ওই গৃহবধূকে নির্যাতন করা হয়। তবে আসামিরা তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর বড় ভাইয়ের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার বিকেলে ভাতশালা ইউনিয়নে সালিস বৈঠক ডাকা হয়। একপর্যায়ে সাপমারী গ্রামের মো. জয়নাল আবদীন (৪০), জামালপুর সদর উপজেলার বন্দেরবাড়ি গ্রামের মিন্টু মিয়া (২৩), মিঠুন মিয়া (২৫) ও ভুট্টু মিয়া (৩০) তাঁর (গৃহবধূ) ওপর হামলা চালান। এ সময় তাঁরা তাঁর কাপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে বিবস্ত্র করে ফেলেন ও তাঁকে বেদম মারধর করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁর খালু ঘর থেকে ওড়না নিয়ে এসে তাঁর শরীর ঢেকে দেন। গতকাল সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ জুলাই রাতে গৃহবধূর বড় ভাইয়ের সঙ্গে তাঁর স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। ঘটনাটি মীমাংসা করে দেবে বলে ওই গৃহবধূর ভাবির ফুফা শুক্রবার এক পারিবারিক সালিস বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন ওই গ্রামের জয়নাল আবদীন, তাঁর স্ত্রী শিরীনা বেগম, আবদুস সুবাহান, শহীদ, সুলতান, হানিফ উদ্দিন, মিন্টু, মিঠুন ও ভুট্টু। বৈঠকে বড় ভাইয়ের পক্ষে কথা বলায় জয়নাল ও মিঠুনসহ অন্যরা ওই গৃহবধূর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘আমারে যাঁরা বিবস্ত্র করছেন, আমি তাগর বিচার চাই।’ তবে বৈঠকে উপস্থিত হানিফ উদ্দিন বলেন, বৈঠকের সময় ওই গৃহবধূ ও তাঁর ভাবির মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনা ঘটেছে। গৃহবধূর কাপড় ছিঁড়তে পারে বা বিবস্ত্র হওয়ার মতো কিছু ঘটেনি।
মামলার প্রধান আসামি জয়নাল আবদীন অভিযোগ অস্বীকার করে বলেন, বৈঠকে ওই গৃহবধূ ও তাঁর ভাবির মধ্যে ঝগড়া হয়েছিল। গৃহবধূ তাঁর ভাবিকে লাথিও মেরেছিলেন। ধর্ষণের চেষ্টা দূরে থাক, তিনি গৃহবধূর গায়ে স্পর্শও করেননি। অসৎ উদ্দেশ্যে তাঁকে ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।
ভাতশালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূর লোকজন এ বিষয়ে অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন। অভিযোগ গুরুতর ও কয়েক আসামির বাড়ি জামালপুরে, তাই আমি তাঁদের থানায় মামলা দিতে পরামর্শ দিয়েছি।’
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।