শেরপুরে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সামনে গাছের ডালে এবং ঘরের দেয়ালে লাগানো ছিল তিনটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও ঘরের ভেতরে থাকত মনিটর। এভাবে বাড়ির চারদিক নজরদারিতে রেখে বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মজিবর রহমান (৪৫) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪০) নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে র্যা ব সদস্যরা জানিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বগুড়ার র্যা ব-১২-এর সদস্যরা এই দম্পতিকে গ্রেপ্তার করেন।
র্যা ব সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া দুইটার দিকে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের শয়নঘর থেকে ২ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় ১ লাখ ৮৩ হাজার ৮২০ টাকাসহ তিনটি সিসি ক্যামেরা, একটি এলইডি মনিটর, সিসি ক্যামেরার কন্ট্রোলার ও একটি মুঠোফোনও জব্দ করা হয়। আটক করা হয় ওই দম্পতিকে।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই দম্পতিসহ জব্দ করা মালামাল শেরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে র্যা ব। এ ঘটনায় বগুড়া র্যা ব-১২-এর ডিএডি আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।