শেরপুরে সেক্টর কমান্ডারস ফোরামের সম্পাদককে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরাম, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও প্রবীণ আইনজীবী ফকির আখতারুজ্জামানের কাছে আর্থিক সহায়তা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে হুমকি দেন।
ফকির আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি মুঠোফোনের নম্বর থেকে মেজর জিয়াউল হক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে (আখতারুজ্জামান) ফোন করেন। তিনি তাঁকে বলেন, ‘আমি বিদেশে ছিলাম, পত্রপত্রিকায় আমার নাম দেখে থাকবেন। আপনার কাছে একটি আর্মস টিম যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাঠাইনি। আপনাকে আর্থিক সহায়তা করতে হবে। না করলে আপনার সামনে চরম বিপদ আছে।’ এসব কথা বলার পর তিনি (জিয়াউল হক) লাইন কেটে দেন।
ফকির আখতারুজ্জামান আরও বলেন, এ ব্যাপারে তিনি গতকাল রাতে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।