শেরপুরে সেচযন্ত্রের মালিক খুন, আটক ১
শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুঘাট গ্রামে উসমান আলী খান (২৩) নামে সেচযন্ত্রের এক মালিক খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর থানা পুলিশ সেচযন্ত্রের ঘর থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত উসমানের বাড়ি বালুঘাট গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি দুটি সেচযন্ত্রের মাধ্যমে (অগভীর নলকূপ) গ্রামের বিভিন্ন খেতে পানি সরবরাহের ব্যবসা করে আসছিলেন। তিনি রাতে সেচযন্ত্র ঘরেই ঘুমাতেন। আজ শুক্রবার সকালে ওই ঘর থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
উসমানের ভগ্নিপতি দুলাল হোসেন সাংবাদিকদের বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।