শেরপুরে সেচযন্ত্রের মালিক খুনের ঘটনায় মামলা
শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুঘাট গ্রামে সেচযন্ত্রের মালিক উসমান আলী হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
উসমানের ছোট ভাই মো. রাসেল গত শুক্রবার রাতে বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সৈয়দ জামাল মণ্ডল, বিপ্লব হোসেন, হারুন মিয়া, শওকত আলী, আলতাফ হোসেন, আবদুর রহমান ওরফে কালা ও ময়েদ আলী। পুলিশ আলতাফ হোসেনকে (৩৭) শুক্রবার গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে সদর থানার পুলিশ উসমানের গলা কাটা লাশ হেরুয়া বালুঘাট গ্রামের সেচযন্ত্রের ঘর থেকে উদ্ধার করে। তাঁর ঘটনাসহ তিনটি খুনের ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোতে ‘হবিগঞ্জে ছেলেদের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, নান্দাইলে চালক ও শেরপুরে সেচযন্ত্রের মালিক খুন’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছে।