শেরপুরে স্কুলছাত্র অপহরণ, দুজন গ্রেপ্তার
শেরপুরে আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার তিন দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে।
আরাফাত শেরপুর জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। শহিদুল আসবাব ব্যবসায়ী। গত রোববার আরাফাতকে অপহরণ করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের আবদুল লতিফ (২২) ও একই গ্রামের রবিন (২০)। এদের মধ্যে লতিফ আরাফাতের খালু। এ ঘটনায় গতকাল দুপুরে আরাফাতের বাবা শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও আরাফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে আরাফাত বিদ্যালয় থেকে গৃদানারায়ণপুর এলাকার বাসায় আসে। এরপর দুপুরের খাবার খেয়ে সে তার বাবা শহিদুলের সঙ্গে দেখা করার কথা বলে বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পথে কয়েক যুবক শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ
করে নিয়ে যান। কিছুক্ষণ পরই মুঠোফোনে এক যুবক আরাফাতের বাবা শহিদুলকে জানান, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এবং দুই লাখ টাকা মুক্তিপণ দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি শহীদুল পুলিশকে জানান।
গত কয়েক দিন পুলিশ শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আরাফাতকে উদ্ধার করতে পারেননি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অপহৃত আরাফাতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।