শেরপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে স্কুলপড়ুয়া (১৪) এক মেয়েকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মেয়ের বাবা গত শুক্রবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই মেয়ে শেরপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেয়ের বাবা বলেন, শেরপুর শহরের নয়াপাড়া মহল্লায় বাড়ি ভাড়া নিয়ে তিনি মেয়েকে লেখাপড়া করাতেন। ওই মহল্লার জাহিদ হাসান (২২) নামে এক তরুণ প্রায় ছয় মাস ধরে মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা জাহিদের বাবা-মাকে একাধিকবার জানিয়েও তিনি কোনো উপকার পাননি। উল্টো জাহিদ বাড়ির ওপর এসে আরও বেশি করে অত্যাচার করতেন। সম্মান রক্ষায় তিনি মেয়েকে নিয়ে উপজেলার সুঘাট ইউনিয়নে গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু গত রোববার রাত ১০টার দিকে জাহিদ হাসান দু-তিনজন সহযোগী নিয়ে তার বাড়িতে হানা দেন এবং হত্যার ভয় দেখিয়ে মেয়েকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তিনি জাহিদের বাবা-মায়ের কাছে অনুরোধ করেও মেয়েকে ফিরে পাননি।
এ বিষয়ে জানতে গতকাল শনিবার শহরের নয়াপাড়া মহল্লায় গিয়ে জাহিদ হাসানের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। মহল্লার পাঁচ-ছয়জন বাসিন্দা জানান, পুলিশের ভয়ে জাহিদের বাবা-মা গত মঙ্গলবার ঘরে তালা ঝুলিয়ে চলে গেছেন।