শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
বগুড়ার শেরপুর উপজেলায় ঈদের দিন এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সেরাজুল হক জানান, গতকাল বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
স্কুলছাত্রীর মা জানান, তাঁর মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে সূত্রাপুর আখেরীপাড়া গ্রামের হাসান আলী প্রামাণিক (২১) তাকে উত্ত্যক্ত করত। ঘটনাটি ছেলেটির অভিভাবককে একাধিকবার জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। ঈদুল ফিতরের দিন বিকেলে কৌশলে তাঁর মেয়েকে হাসান ডেকে নেন। পরে মেয়েটিকে পাটখেতে নিয়ে ধর্ষণ করে হাসান। এ সময় মেয়ের চিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।
মেয়েটির বাবা জানান, ছেলের বাবা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলেও পরে তা তিনি করেননি। বাধ্য হয়ে তাঁরা গত মঙ্গলবার থানায় মামলা করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, হাসান পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হয়েছে।