শেরপুরে হত্যার অভিযোগে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার টালিয়াপাড়া গ্রাম থেকে গোলাম মোস্তফা (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের পর ওই ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার এক নারীকে পুলিশ আটক করেছে। গত শুক্রবার গ্রামের একটি শণখেত থেকে গোলাম মোস্তফার লাশ উদ্ধার করা হয়।

আটক হওয়া নারীর নাম হাফিজা আক্তার (২০)। তাঁকে জামালপুরের ইসলামপুর উপজেলার কিংজাল্লা বাজারীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। নিহত গোলাম মোস্তফার বাড়ি বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে। লাশ উদ্ধারের চার দিন পর গত সোমবার আত্মীয়রা তাঁর লাশ শনাক্ত করেন।

শেরপুর সদর থানার এসআই  জহুর আলী বলেন, দুর্বৃত্তরা গোলাম মোস্তফাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ  শণখেতের ভেতর ফেলে রেখে যায়। এ ঘটনায় সদর থানার এসআই বশির আহমেদ বাদী হয়ে গত শনিবার রাতে হত্যা মামলা করেন। ১২ অক্টোবর প্রথম আলোয় ‘শেরপুরে উদ্ধারের তিন দিন পরও অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া যায়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।