শেরপুরে হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ইউপি সদস্য মো. হুরমুজ আলী (৪৫) মারা গেছেন। গত ৩১ মার্চ নির্বাচনের পরদিন হামলায় তিনি আহত হন। গত শুক্রবার রাতে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার ও গতকাল ছয় জেলায় সহিংসতায় ৫৬ জন আহত হয়েছেন।
শেরপুর: এলাকাবাসী ও ইউপি সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড থেকে আগের দফায় নির্বাচিত সদস্য হুরমুজ আলী এবার পরাজিত হন। এ ছাড়া তাঁর চাচাতো বোন হাজেরা বেগম (৫০) সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এ নিয়ে হুরমুজ ও হাজেরার মধ্যে ১ এপ্রিল সকালে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাজেরার স্বামী ফকির আলী ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হুরমুজের ওপর হামলা করেন। এতে হুরমুজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে (হুরমুজ) প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
সুনামগঞ্জ: সদর উপজেলার রঙ্গারচর ইউপিতে হামলায় আহত হয়েছেন পাঁচজন। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও তাঁর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যায় ইউপির বনগাঁও বাজারে তাঁর নির্বাচনী সভা ছিল। সভার পর বাড়ি ফেরার পথে বাজারের ভেতরে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান অপর ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম ও তাঁর লোকজন। এতে পাঁচজন আহত হন। তবে ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল করিম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো হামলা বা মারামারি হয়নি। এটা সাজানো হয়েছে।’
মাগুরা: শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে তিনটি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা দুপুর পর্যন্ত চলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মণ্ডলের বিরোধ চলে আসছে। এ কারণে দুজনের সমর্থকদের মাঝে একাধিকবার হামলা-পাল্টা হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। নির্বাচন সামনে রেখে ওই বিরোধ আবার শুরু হওয়ার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৪টি গুলি ছোড়ে।
কুড়িগ্রাম: রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গতকাল দুপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী এবং সমর্থকদের মাঝে সংঘর্ষে প্রার্থীসহ উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। দুপুর দুইটার দিকে উপজেলার ভুইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগামীকাল সোমবার উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে আহত ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে ইউনিয়নের দুটি আলাদা স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বহরপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিরন। তিনি বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান সাবু।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা জানান, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।
বগুড়া: গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউপিতে বিএনপির নির্বাচনী সভায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির সভায় বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার মাস্কাবাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুছ ছালাম বাঙালি ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় আবদুছ ছালাম দলীয় কার্যালয়ে ‘হামলা’ ও ‘ভাঙচুর’সহ বিভিন্ন অভিযোগ এনে মোস্তাফিজুর রহমানের বড় ভাই মাহবুবুর রহমানকে প্রধান আসামি করে ১৫০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
যশোর: ঝিকরগাছা উপজেলার পানিসারা, গদখালী ও শিমুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীদের পথসভায় সংঘর্ষের আশঙ্কায় গতকাল ১৪৪ ধারা জারি করা হয়, যা বহাল থাকে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত।