শেরপুরে ১০ টাকার চালে ঠাসা গুদাম, সিলগালা
বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজারের একটি গুদামে গত বুধবার রাতে ১৭৭ বস্তা চাল পেয়েছে উপজেলা প্রশাসন। খাদ্যবান্ধব কর্মসূচির চাল সন্দেহে তারা গুদামটি সিলগালা করে রেখেছে।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। তিনি প্রথম আলোকে বলেন, হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল ওই ব্যক্তিমালিকানাধীন গুদামে মজুত করা হয়েছে, এমন সংবাদ পান তাঁরা। এর ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৭৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। তাঁরা ওই চাল জব্দ করে গুদামটি সিলগালা করে রেখেছেন। তবে অভিযানকালে চালের মালিক ব্যবসায়ী তাপস মোহন্তকে পাওয়া যায়নি।
ব্যবসায়ী তাপস দাবি করেছেন, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দকৃত নয়। গতকাল বিকেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, শেরপুরের মির্জাপুর ও বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বাজার থেকে বুধবারই এ চাল কেনেন। এরপর ভাড়া করা ওই গুদামে নিয়ে রাখেন। চাল কেনার খাজনার রসিদও তাঁর কাছে রয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য। অভিযানে সহায়তা দেয় শেরপুর থানা-পুলিশ।
সুবল চন্দ্র বৈদ্য বলেন, ২০ জন পরিবেশকের (ডিলার) মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র লোকজনের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। প্রতিটি চটের বস্তায় ৩০ কেজি করে চাল থাকে। তবে জব্দকৃত চালের বস্তাগুলো ৫০ কেজি ওজনের। কিন্তু চালের ধরন একই। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, জব্দ করা চাল থেকে এক বস্তা চাল নমুনা হিসেবে থানায় এনে রেখেছে উপজেলা প্রশাসন। পরীক্ষা-নিরীক্ষার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।