শেরপুরের ছাত্রলীগের নেতা মাদকসহ জামালপুরে গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েত নূরানী মনি (২৫) ও তাঁর বন্ধু আল-মামুনকে (২৮) মাদকসহ গ্রেপ্তার করেছে। জুনায়েত শেরপুর শহরের রাজবল্লভপুর ও আল-মামুন শেরপুরের শ্রীবর্দী উপজেলার শেখের হাট গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সারমারা বাজারের মানিক নামের এক মাদক ব্যবসায়ীর গাঁজার আস্তানা থেকে জুনায়েত ও আল-মামুনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে ১৫ পুরিয়া (প্রায় ২০০ গ্রাম) গাঁজা পাওয়া যায়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
এসআই আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারমারা বাজার এলাকার একটি গাঁজার আস্তানা থেকে ১৫ পুরিয়া গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নিবন্ধবিহীন একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমানের কাছে মামলার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা মুঠোফোন ধরেননি।