শেরপুরের ঝাঁজর-পারভবানীপুর খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সরকারি উদ্যোগে চলছে খাল খনন। অন্যদিকে খালের পানিপ্রবাহের পথ বন্ধ করে বোরো ধানের চাষ চলছে। বগুড়ার শেরপুর উপজেলার ঝাঁজর-পারভবানীপুর খালের এখন এ অবস্থা।
উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর থেকে পারভবানীপুর খালটির দৈর্ঘ্য সাত কিলোমিটার। গত ২৫ জানুয়ারি সরেজমিনে স্থানীয় ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, খালটির অধিকাংশ স্থান অবৈধ দখলে চলে গিয়েছিল। খালে পানিও থাকত না। গ্রামের কৃষকেরা খালটির পানি ব্যবহার করতে না পেরে দুর্ভোগে পড়তেন। গত বছর এটা দখলমুক্ত করে পুনরায় খনন করার কাজ শুরু করা হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ‘অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেক্টর প্রকল্প’-এর আওতায় গত বছরের মার্চ মাসে ঝাঁজর-পারভবানীপুর সাত কিলোমিটার খালের খননকাজ শুরু হয়। খননকাজ শেষ হবে চলতি ফেব্রুয়ারি মাসে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ টাকা। এখন আর ২০০ মিটারের মতো এলাকা খনন করা বাকি আছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (নকশাকার) মোখলেছুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা পরিষদের অনুমোদন দেওয়ার পর এ সরকারি খালটি খনন করা শুরু হয়।
স্থানীয়রা বলেন, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে স্থানীয় দুজন ব্যক্তি খালে পানিপ্রবাহের পথ বন্ধ করে বোরো ধান চাষ করছেন। তাঁরা মাটির আল দিয়ে পানি প্রবাহে বাধা দিচ্ছেন। আর শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করছেন। সরেজমিনে দেখা যায়, খালের কিছুটা অংশে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে।
ঝাঁজর-পারভবানীপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উপজেলার ঝাঁজর গ্রামের আবদুর রহিম বলেন, ঝাঁজর গ্রামের অবিনাশ চন্দ্র দাস ও উপজেলার গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়া গ্রামের দুলাল চন্দ্র সরকার সরকারি খালটির প্রায় সাত বিঘা জমির দাবি করেন। তাঁরা খনন করা খালের প্রায় দেড় কিলোমিটার অংশ দখল করেছেন।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, খালটি সরকারি খাস সম্পত্তি। খনন করা খাল অন্যের দখলে চলে গেলে এলাকার শত শত কৃষকের দুর্ভোগ বাড়বে।
দুলাল চন্দ্র সরকার বলেন, জোতদারের কাছ থেকে ১৯৪৪-৪৫ সালে তাঁদের পরিবার প্রায় সাত বিঘা সম্পত্তি কিনেছিল। খালের এ অংশটি তাঁদের সম্পত্তি। আর অবিনাশ চন্দ্র দাস বলেন, তাঁদের সম্পত্তির ওপর খাল খনন করা হয়েছে। এ নিয়ে আদালতে তাঁদের মামলা বিচারাধীন রয়েছে।
পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শাহাদৎ হোসেন বলেন, তাঁরা গত ২৪ জানুয়ারি উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দখলের বিষয়টি জানিয়েছেন। তবে খালের দখল করা জমি নিয়ে কোনো মামলা আছে—এ বিষয়টি তাঁরা জানেন না।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, খনন করা খাল দখলের ঘটনাটি তাঁকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।