শেরপুরের পৌর মেয়র হাজতে
শেরপুর পৌরসভার মেয়র ও শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুন্ডুকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বগুড়ার শেরপুরে হরতাল ও অবরোধের সময় নাশকতার ঘটনা নিয়ে মামলায় আজ সোমবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) খন্দকার এ টি এম তোফায়েল আহম্মেদ জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সরকার বিরোধী লাগাতর অবরোধ ও হরতাল চলাকালে শেরপুর উপজেলার মহিপুর বাজার, ঘোগাবটতলা ও মির্জাপুরের মদনপুরে পরিবহনের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডুর বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে গত ২৭ জানুয়ারি টাঙ্গাইলের কালীহাতি এলাকার ট্রাক চালক ফজলুল হকের দায়ের করা মামলায় ২৭ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সেরাজুল হক। ওই মামলায় তিনি আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, স্বাধীন কুমার কুন্ডুর বিরুদ্ধে থানায় আরও দুইটি নাশকতার মামলা এখনো তদন্তাধীন রয়েছে।