শেরপুরের বাজারে অস্ত্র নিয়ে মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে গত শুক্রবার রাতে এক দল লোক সশস্ত্র মহড়া দেয় ও ফাঁকা গুলিবর্ষণ করে। তারা ওই সময় বাজারের দোকানের দেয়ালে পোস্টার-লিফলেট সেঁটে দেয়। পুলিশ গতকাল শনিবার এ পোস্টার ও লিফলেটগুলো ছিঁড়ে ফেলে।
ভবানীপুর বাজার এলাকার আওয়ামী লীগের এক কর্মী বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পরপর তিনটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এরপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয়ে তারা স্লোগান দিতে থাকে। এ সময় ৫ জানুয়ারিকে কালো দিবস বলেও স্লোগান দেওয়া হয়। তারা সংখ্যায় ৫০ থেকে ৬০ জন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাজারের দুজন ব্যবসায়ী বলেন, যখন তাঁরা বাজারের মধ্যে ঢোকেন তখন ক্রেতাসাধারণের উপস্থিতি কম ছিল। তবে বাজারের কিছু দোকানের মধ্যে মালিকেরা ছিলেন। তারা কমপক্ষে এক ঘণ্টা বাজারের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় ও মিছিল করে। তারপর দেয়ালে লিফলেট ও পোস্টার সেঁটে রানীরহাট সড়কের দিক দিয়ে রায়গঞ্জ উপজেলার দিকে চলে যায়। এ কর্মকাণ্ড দেখে বাজারে উপস্থিত দোকান মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, ২০০৫ সালে চরমপন্থীর শতাধিক সদস্য ভবানীপুর বাজারে এসে সমাবেশ করেছিল। তিন বছর আগেও তারা এভাবে সংগঠনের পোস্টার সেঁটে দিয়েছিল।
শুক্রবারে সাঁটা লিফলেটগুলোতে লেখা ছিল, ‘ভারতীয় সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের দালাল আওয়ামী ফ্যাসিবাদী সরকারসহ বুর্জুয়া শাসকশ্রেণিকে উচ্ছেদের লক্ষ্যে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হোন ও দেশবাসী এই গণযুদ্ধকে শক্তিশালী করুন।’
ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, তাঁর বাড়ি বাজারের পাশেই। শুক্রবার রাতে যারা মহড়ায় ছিল তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। সকলেই প্যান্ট পরে ছিল।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, চরমপন্থীরা যে গুলিবর্ষণ করেছে এখনো নিশ্চিত করা যায়নি। তবে সেঁটে দেওয়া লিফলেট-পোস্টার অপসারণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় নিশ্চিত হতে অনুসন্ধান শুরু হয়েছে।