শেরপুরের 'জেএমবির' দুই সদস্য আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে আজ শনিবার ভোরে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও আমিনুল ইসলাম (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক যুবকেরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁদের কাছ থেকে জিহাদি বই ও জেএমবির কিছু প্রচারপত্র জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের খাদেম হিসেবে পরিচিত সাদ্দাম গাজীপুর জেলার জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইগাতীতে আসার সংবাদ পেয়ে ডিবি পুলিশ আজ শনিবার ভোরে সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে তাঁকে (সাদ্দাম) আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেএমবির আরেক সদস্য আমিনুলকেও আটক করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শিকদার আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক সাদ্দাম ও আমিনুলের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।