শেরেবাংলা কৃষিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর ১২টি কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ৮০ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ২০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কতৃ‌র্পক্ষ জানিয়েছে।
এদিকে বহিষ্কৃত পরীক্ষার্থীদের পুলিশে সোপর্দ না করে ছেড়ে দিয়ে দায় সারার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
ভর্তি কমিটির সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে মোবাইল ও ইলেক্ট্রনিক ডিভাইসের সহায়তায় অসুদপায় অবলম্বনের দায়ে তিনজনকে তিনটি কেন্দ্র থেকে এবং একই প্রবেশপত্র থাকায় একটি কেন্দ্রের দুজনকে বহিষ্কার করা হয়। তবে অভিযুক্তদের নাম–পরিচয় জানায়নি কতৃ‌র্পক্ষ।
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্যসচিব আনোয়ারুল ইসলাম পরীক্ষা শেষে প্রথম আলোকে বলেন, ‘অসদুপায় অবলম্বন করার কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে। আমাদের কাছে বহিষ্কৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশে সোপর্দ না করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বহিষ্কৃতদের নিতে চায়নি বলে আমরা তাঁদের ছেড়ে দিয়েছি।