শেরেবাংলা থানার এসআই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত শত্রুতার জেরে এক গাড়িচালকের দুই পায়ে গুলি করে তাঁকে সন্ত্রাসী সাজানোর অভিযোগ ওঠা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে সংশ্লিষ্ট থানায় দায়িত্বপালনরত অবস্থায় আনোয়ারকে আটক করে একই থানার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এসআই আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‘দুই পায়ে গুলি করে যুবককে সন্ত্রাসী সাজাল পুলিশ’ শিরোনামে আজ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে গাড়িচালক শাহ আলমের (২৬) দুই পায়ে গুলি করে তাঁকে সন্ত্রাসী সাজানোর অভিযোগ উঠেছে এসআই আনোয়ারের বিরুদ্ধে। শাহ আলমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশের তেজগাঁও বিভাগ।

শাহ আলমের স্বজনেরা অভিযোগ করেছেন, দুই বছর আগে মোহাম্মদপুর থানায় গাড়ি চালাতেন শাহ আলম। তখন এসআই আনেয়ার মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। গাড়িচালক শাহ আলম স্ত্রী শান্তাসহ মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় থাকতেন। সেখানে তাঁদের একটি মেয়েও হয়। মেয়ের বয়স এখন আড়াই বছর। পারিবারিক কলহের জেরে দেড় বছর আগে শান্তা বাঁশবাড়ি ছেড়ে কেরানীগঞ্জে বাবার বাড়ির এলাকায় বাসা ভাড়া নিয়ে চলে যান। যাওয়ার আগে তিনি শাহ আলমের মালিকানাধীন সিএনজিচালিত একটি অটোরিকশা বিক্রি করে দেন। শাহ আলম নানাভাবে খোঁজাখুঁজি করে কেরানীগঞ্জের আরশিনগরে শান্তা যে বাড়িতে থাকেন তার সন্ধান পান। এরপর দেড় মাস আগে শাহ আলম জানতে পারেন, তাঁর স্ত্রীর সঙ্গে এসআই আনোয়ারের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এবং আনোয়ারের ভাড়া করা বাসাতেই তিনি থাকছেন। এরপর তিনি কেরানীগঞ্জের আরশিনগরে গিয়ে স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানান ও সুবিচার চান। এ বিষয়ে একাধিক সালিস-বৈঠকও হয়েছে। সবশেষ গত রোববার রাতে এক লোকের মাধ্যমে ডেকে নিয়ে শাহ আলমের দুই পায়ে গুলি করে তাঁকে সন্ত্রাসী সাজিয়েছেন এসআই আনোয়ার।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে মীমাংসার কথা বলে পরিচিত এক ব্যক্তি তাঁকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া এসআই আনোয়ার তাঁকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন। এরপর তালতলা এলাকায় নিয়ে মাটিতে ফেলে হাতকড়া পরা অবস্থাতেই দুই পায়ে গুলি করেন। শাহ আলম বলেন, তাঁর ডান পায়ে শটগান দিয়ে আর বাঁ পায়ে পিস্তল দিয়ে গুলি করেছেন এসআই আনোয়ার। ডান পায়ের হাঁটুর নিচের পুরো মাংসপেশিই গুলিতে উড়ে গেছে।
অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন সব অভিযোগ অস্বীকার করে গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, গুলিবিদ্ধ শাহ আলম একজন পেশাদার অপরাধী। ঢাকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ছিনতাই-ডাকাতিসহ অনেক মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গাড়ি ছিনতাইয়ের সময় সিসি ক্যামেরায় ধারণ হওয়া তাঁর ভিডিও ফুটেজও পুলিশের হাতে রয়েছে। তিনি বলেন, রোববার রাতে পুলিশ খবর পায় যে তালতলা এলাকায় একটি অপরাধী দল সংগঠিত হচ্ছে। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত জনবল নিয়ে সেখানে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। পুলিশ দেখে সন্ত্রাসীরা দূর থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শাহ আলম গুলিবিদ্ধ হন। তাঁর হাত থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, রোববার রাত দেড়টার দিকে তাঁকে ফোন করে জানানো হয় যে একজন সন্ত্রাসী অস্ত্রসহ ধরা পড়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তখন তিনি (উপকমিশনার) বিধি মোতাবেক মামলা করে গুলিবিদ্ধ ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে বলেন। সোমবার সন্ধ্যায় তাঁকে একজন ফোন করে বলেন, এটি নিছক সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনা নয়। এর পেছনে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এরপর তেজগাঁও বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার ও একজন সহকারী কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।