শেষ পর্যন্ত হার মানলেন অ্যানি বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পোড়া শরীর নিয়ে বাঁচার জন্য যুদ্ধ করে শেষ পর্যন্ত হার মানলেন অ্যানি বিশ্বাস (২৪)। গত ২১ অক্টোবর তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর শাশুড়ি ও বড় ননদ বর্বর এ ঘটনা ঘটিয়েছেন।
২২ দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যানি। বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ জানান, আগুনে অ্যানির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
মৃত্যুর আগে নির্যাতনের বর্ণনা পুলিশের কাছে অ্যানি বলে গেছেন বলে জানান তাঁর ভগ্নিপতি জুয়েল দত্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার বিচার চাই আমরা।’
এ বিষয়ে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া বলেন, অ্যানির বড় ননদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অ্যানি বিশ্বাস রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের শিবু বিশ্বাসের মেয়ে। গত মে মাসে হাটহাজারী উপজেলার পশ্চিম শিকারপুরের প্রবাসী লিটন মহাজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য অ্যানির ওপর নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের ১২ দিন পর স্বামী বিদেশে চলে গেলে শাশুড়ি ও বড় ননদ প্রায়ই টাকার জন্য অত্যাচার করতেন। গত ২১ অক্টোবর অ্যানির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাশুড়ি ও বড় ননদ। এ ঘটনায় অ্যানির স্বামী, শাশুড়ি ও বড় ননদকে আসামি করে মামলা করেন তাঁর বাবা শিবু বিশ্বাস। এ মামলায় অ্যানির শাশুড়ি বেবি মহাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।