শেষ রক্ষা হলো না দুই ছিনতাইকারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী উড়ালসড়কে সাত মাস আগে ছিনতাইকারীর হাতে এক তরুণ খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। গত বুধবার আন্দরকিল্লা থেকে মো. পারভেজ নামের এক ছিনতাইকারী গ্রেপ্তারের পর রহস্যের জট খোলে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআরবি থেকে আরেক সহযোগী মো. মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। দুজন গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৬ সালের ২৫ নভেম্বর অটোরিকশা গ্যারেজের কর্মচারী আবদুর রহিম ও এক দোকান কর্মচারী সাদ্দাম হোসেন কদমতলী উড়ালসড়কে সন্ধ্যায় বেড়াতে যান। উড়ালসড়কে মুঠোফোনে সেলফি তোলার সময় মোটরসাইকেল করে তিন ছিনতাইকারী এসে তাঁদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। রহিমের ফোন দিতে দেরি হওয়ায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীদের আসামি করে রহিমের বড় ভাই মো. জসীম কোতোয়ালি থানায় মামলা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ ছিনতাইয়ে অংশ নেওয়া আসামি পারভেজকে শনাক্ত করতে পারলেও তিনি পেশা পরিবর্তন করে এক চিকিৎসকের গাড়িচালকের চাকরি নেন। সাত মাস পুলিশ তাঁর গতিবিধি লক্ষ্য করে। পারভেজকে আটকের পর তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে পাওয়া তথে৵র ভিত্তিতে আরেক সহযোগী মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাঁরা ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের আরেক সহযোগী মো. ইউসুফকে গ্রেপ্তারে অভিযান চলছে। জবানবন্দি নেওয়ার পর আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ছিনতাইকারী ইউসুফ মুঠোফোন ছিনিয়ে নিতে গিয়ে রহিমকে ছুরিকাঘাত করেন। সাদ্দামের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেন মেহেরাজ। পরে তাঁরা নগরের রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দুটি মুঠোফোন আট হাজার টাকায় বিক্রি করে টাকাগুলো ভাগাভাগি করে নেন।