শেষরক্ষা হলো না সচিবের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিতর্কিত সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন। স্বাভাবিক নিয়মে আগামী ৩০ অক্টোবর মাসুদ সিদ্দিকীর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা। তবে চাকরির মেয়াদ এক বছর বাড়াতে গত বছর তিনি নিজের মন্ত্রণালয় থেকেই মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সোমবার নাগাদ আমরা এ-সংক্রান্ত আদেশ জারি করব।’ ওএসডি করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হকও।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সচিবকে ওএসডি করা হচ্ছে বলে আমি জেনেছি। তাঁর নানা ধরনের অন্যায় কাজের জন্য আমাকে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রধানমন্ত্রীও তাঁর বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন।’ সচিবের নানা অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কিছু বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। সেখান থেকে ফাইল এলেই আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া মন্ত্রণালয়ের অন্যান্য যেসব অনিয়মের অভিযোগ সচিবের বিরুদ্ধে রয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠাব।’
চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ: রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী। জানা যায়, অতীতে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় তাঁর নাম ছিল না। তাঁর ক্ষেত্রে চার মানদণ্ডের একটিও অনুসরণ করা হয়নি—এ কথা তিনি নিজেই প্রথম আলোর কাছে স্বীকার করে বলেছেন, ২০০৫ সালে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তিনি মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন। অন্য সব প্রত্যয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। অভিযোগ রয়েছে যে তিনি আর্থিক লেনদেনের বিনিময়ে অমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন। তাঁর দায়িত্ব পালনের সময়েই মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের হিড়িক পড়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে।
মুক্তিযুদ্ধবিষয়ক সচিব ছাড়াও যেসব সচিব চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব খোন্দকার শওকত হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। বর্তমানে দুদক তাঁদের বিষয়ে তদন্ত করছে।
ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি: মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির জন্যও সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে দায়ী করে তদন্ত কমিটি৷ কমিটি এইচ মাসুদ সিদ্দিকীকে দায়ী করে বলেছে, তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে অবহেলা করেছেন৷ সচিব কোনোরূপ প্রশ্ন বা যাচাই না করে সাবেক প্রতিমন্ত্রীর কাছে নথি পাঠিয়েছেন৷ প্রতিমন্ত্রী নথি পাওয়ার দিনেই তা অনুমোদন করেছেন৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী শাখা পর্যায় থেকে উপস্থাপিত নথিতে স্বর্ণের ক্যারেট উল্লেখ না করার দায়ভার অধীন কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে দিয়েছেন, যা অনভিপ্রেত৷ অথচ সরবরাহকারীদের সর্বোচ্চ দরে টাকা পরিশোধ করা হয়েছে৷ অসৎ উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ দরপত্র তৈরি করে মূল্যায়ন কমিটির সদস্যরা শুধু ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সরকারের অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন৷
প্রসঙ্গত, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার৷ সম্মাননার স্মারক হিসেবে এই বিশিষ্টজনদের একটি করে ক্রেস্ট দেওয়া হয়৷ প্রতিটি ক্রেস্টে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকার কথা ছিল৷ কিন্তু সম্মাননা দেওয়ার সময় বিএসটিআইয়ে একটি ক্রেস্ট পরীক্ষা করায় মন্ত্রণালয়৷ তাতে দেখা যায়, ক্রেস্টটিতে এক ভরির জায়গায় সোয়া তিন আনা স্বর্ণ এবং রুপার বদলে ৩০ ভরি পিতল, তামা ও দস্তা দেওয়া হয়েছে৷ এ নিয়ে গত ৬ এপ্রিল ‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে মূল প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো৷ এর পরই তদন্ত কমিটি গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়৷ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম আলোয় প্রকাশিত খবরের সত্যতা রয়েছে৷ তদন্ত কমিটি নথিপত্র পর্যালোচনা ও বিভিন্ন পর্যায়ের মতামত নিয়ে এবং একটি ক্রেস্ট সংগ্রহ করে আবার পরীক্ষা করিয়েছে৷ পরীক্ষায় দেখা গেছে, ওই ক্রেস্টে স্বর্ণ বা রুপার কোনো অস্তিত্বই নেই৷
দুস্থ মুক্তিযোদ্ধাদের টাকা নিয়ে যাচ্ছেতাই: মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন প্রতিষ্ঠানকেও নীতিমালা ভঙ্গ করে অনুদান দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক সচিব। এমনও নজির রয়েছে যে তিনি এক দিনে (গত ১৭ নভেম্বর) ৩২ জনকে দুই কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এমনকি সচিবের বাবার কলেজেও মুক্তিযোদ্ধাদের টাকা অনুদান দিয়েছেন। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনুদানের জন্য কোনো আবেদন করেননি এবং কেউ তাঁদের জন্য সুপারিশও করেননি৷
নেত্রকোনার কেন্দুয়ায় মাসুদ সিদ্দিকীর বাবার নামে প্রতিষ্ঠিত মওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী কলেজকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। প্রথম আলো এ বিষয়ে খোঁজখবর শুরু করলে গত ২১ মে ওই ১০ লাখ টাকাসহ ২০ লাখ টাকা ফেরত দেয় কলেজ কর্তৃপক্ষ৷ পরে জানা যায়, এই কলেজকে এর আগেও ১০ লাখ টাকা দেওয়া হয়েছিল। টাকা ফেরতের সঙ্গে দেওয়া চিঠিতে বলা হয়, নারীর ক্ষমতায়ন ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত এই কলেজের উদ্বোধনকালে মুক্তিযোদ্ধাদের সমাবেশে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। এরপর গত সেপ্টেম্বরে ১০ লাখ টাকা ও ১৭ নভেম্বর ১০ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু টাকা ব্যয় না করতে পারায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে যথাযথ ব্যবহারের জন্য চেক ফেরত দেওয়া হয়।