শেষরক্ষা হলো না তাঁর
ভুয়া নাম-ঠিকানা দিয়ে পোশাক কারখানার নিরাপত্তাকর্মীর চাকরি নিয়েছিলেন তিনি। বিশ্বাসযোগ্যতার জন্য বানিয়েছিলেন ভুয়া জাতীয় পরিচয়পত্র আর স্থানীয় চেয়ারম্যানের সনদ। সুযোগ বুঝে আরও দুজনকে সঙ্গে নিয়ে ওই কারখানা থেকে ১৬ লাখ টাকা চুরি করে দিলেন চম্পট। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সম্প্রতি দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ‘ফারুক মিয়া’ (২৮) নামের এই ব্যক্তি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে চুরি করার কথা স্বীকার করেছেন। গতকাল শুক্রবার রিমান্ড শেষে ফারুকসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৮ নভেম্বর রাতে রাজধানীর মধ্য বাড্ডায় ‘শমশের রিজিয়া ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় চুরির ঘটনা ঘটে। দুই নিরাপত্তাকর্মীকে জুস খাইয়ে অচেতন করে ১৬ লাখ টাকা নিয়ে যায় চোরের দল। এ ঘটনার পর কারখানাটির ‘বাবুল’ নামের এক নিরাপত্তাকর্মী পলাতক থাকায় তাঁকে সন্দেহ শুরু করে কারখানার কর্তৃপক্ষ। ৯ নভেম্বর রাতে কারখানার ব্যবস্থাপক পারভেজ চৌধুরী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন।
বাড্ডা থানার পুলিশ জানায়, তদন্তে নেমে প্রথমে কারখানার প্রধান ফটকে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায়, বাবুল নামের ওই নিরাপত্তাকর্মীসহ অচেনা দুই ব্যক্তি কারখানাটিতে ঢুকছেন। ফুটেজ দেখে চুরির ঘটনায় বাবুলের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ জন্য পুলিশের নিজস্ব সোর্সও ব্যবহার করা হয়। ওই সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। দেখা যায়, বাবুল নামটি আসলে ভুয়া। বাবুল আসলে ‘ফারুক মিয়া’। কারখানায় জমা দেওয়া তাঁর জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় চেয়ারম্যানের সনদটিও ভুয়া। জাতীয় পরিচয়পত্রে তাঁর গ্রামের বাড়ির ঠিকানা আছে ‘বরগুনার আমতলী’। বাবার নাম ‘শাহজাহান মিয়া’। আসলে ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে। ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর দুই সহযোগী রানা সরদার ও ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা কোথায়, তা তাঁরা কিছু জানাননি। তাঁরা ওই পরিমাণ টাকাই চুরি করেছিলেন বলে দাবি করছেন।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়ার পর ফারুক জিজ্ঞাসাবাদে জানান যে চুরি করার উদ্দেশ্যেই ভুয়া নাম ও ঠিকানা দিয়েই ওই কারখানায় চাকরি নিয়েছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী তিনি জুসের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে সঙ্গে থাকা দুই নিরাপত্তাকর্মীকে খাওয়ান। তাঁরা অচেতন হয়ে পড়লে ফারুক আশপাশে থাকা সহযোগী রানা ও ফিরোজকে নিয়ে চুরির ঘটনাটি ঘটান।
যাচাইবাছাই ছাড়া নিরাপত্তাকর্মী নিয়োগের ব্যাপারে কারখানার ব্যবস্থাপক পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আসলে জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় চেয়ারম্যানের সনদ দেখে বিশ্বাসযোগ্য মনে করেছি। তবে এটা ভুল হয়েছে। ভবিষ্যতে আরও যাচাইবাছাই করে কর্মী নিয়োগ দেওয়া হবে।’
রাজধানীতে এর আগেও ভুয়া তথ্য দিয়ে নিয়োগ পেয়ে চুরির ঘটনা ঘটানো হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর চকবাজার থানা এলাকায় একটি মাইকের দোকান থেকে ২০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান দুই কর্মচারী। পরে পুলিশ সদস্যরা দোকানমালিকের দেওয়া নাম-ঠিকানা নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পান, নাম ও ঠিকানাই ছিল ভুয়া।