শোক দিবসের অনুষ্ঠানে যোগ না দেওয়ায়....

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ না দেওয়ার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারীর কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
আবদুল বারী উপজেলা জামায়াতের সাবেক আমির।
আবদুল বারী অভিযোগ করে বলেন, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক সদস্য তাঁর কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। পরে তাঁরা নতুন একটি তালা ঝুলিয়ে দিয়ে তাঁকে খুঁজতে তাঁর বাড়িতে যান। সেখানে তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ করেন। তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে যোগ দিলে স্থানীয় সাংসদসহ নেতারা সেখানে উপস্থিত থাকেন না।
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জয়নুল হায়দার জানান, আবদুল বারী কোনো অনুষ্ঠানে থাকলে তিনি যান না, তা ঠিক নয়। এ ছাড়া এটি রাষ্ট্রীয় কর্মসূচি। এই কর্মসূচির প্রস্তুতিমলূক সভায় উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। গতকালও তিনি অনুষ্ঠানে না থেকে অন্যদের অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে প্ররোচিত করার চেষ্টা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।