শোকসভায় হামলা, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনার বামনা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের শোকসভায় হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে আরেক পক্ষ। এতে বামনা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা, শিক্ষার্থী ও কলেজের শিক্ষকসহ নয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বামনা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শোকসভায় প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম মৃধা। সভা শুরু হওয়ার পর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস তালুকদারের ছেলে অমি তালুকদারের নেতৃত্বে ১০-১২ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে অতর্কিতে হামলা চালায়। তারা মিলনায়তনে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বেধড়ক পেটায়। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, শ্রমবিষয়ক সম্পাদক, বামনা ডিগ্রি কলেজের একজন প্রভাষক, ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী, উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক, একজন সদস্য, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের দুজন কর্মী আহত হন।
পরে আহত ব্যক্তিরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা পুনরায় সেখানে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় অমি তালুকদারকে পেটানো হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ফেরদৌস তালুকদার বলেন, এক পক্ষ আরেক পক্ষকে দাওয়াত না দেওয়ার কারণে এ হামলা হয়েছে। তিনি দাবি করেন, তাঁর ছেলে অমি তালুকদার হামলা চালাননি। বরং অপর পক্ষ তাঁর ছেলেকে মারধর করার পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়।
সাইতুল ইসলাম মৃধা মিলনায়তনে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ বিষয়ে এখনো কোনো পক্ষ মামলা করেনি। তবে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অমি তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।