শোয়ার ঘর থেকে কম্বলে মোড়া নারীর লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া এলাকায় শোয়ার ঘর থেকে শাহনাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কম্বলে মোড়ানো ছিল। পুলিশ বলছে, লাশের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহনাজের স্বামী আবুল হোসেন। তিনি চাল ব্যবসায়ী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে মাইপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে আবুল হোসেন তাঁর স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পায়। তিনি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, নিহত শাহনাজ বাড়িতে একাই ছিলেন। লাশ তাঁর শোয়ার ঘরের খাটের ওপর পাওয়া গেছে। কম্বল দিয়ে লাশটি মোড়ানো ছিল। ঘরের দরজা ও সিন্দুক খোলা পাওয়া গেছে।
শাহনাজের বড় ভাই সিরাজুল ইসলামের অভিযোগ, শাহনাজের কোনো সন্তান নেই। তাঁর নামে শহরের শ্যামপুর এলাকায় প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৭ কাঠা জমি রয়েছে। জমি বিক্রি করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ভাড়াটে খুনি দিয়ে আবুল শাহনাজকে হত্যা করতে পারে।
নিহতের স্বামী আবুল হোসেনের বরাত গিয়ে ওসি আরও জানান, গতকাল আবুলের ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা হয়। সন্ধ্যার আগে আবুল হোসেন হালখাতার আদায় হওয়া পাঁচ লাখ টাকা বাড়িতে রেখে যান। ধারণা করা হচ্ছে, রাত আটটা থেকে নয়টার মধ্যে কে বা কারা ওই টাকা চুরি করে। এ সময় শাহনাজকে হত্যা করা হয়।