শৌচাগার নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের জায়গা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বড়মাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ছিদ্দিক মিয়া (৩৫)। গুরুতর আহত জুয়েল মিয়া, ইদ্রিস মিয়া ও মঞ্জু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বড়মাইপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জায়গা নির্ধারণ নিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মঞ্জু মিয়া ও ছিদ্দিক মিয়ার পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংঘর্ষের একপর্যায়ে ছিদ্দিকের মাথায় শাবলের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।